|
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনেগালের কর্তৃপক্ষ।
গত শনিবার (৭ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রের বরাত দিয়ে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন ছিলেন এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
সেনেগালের অভিবাসীদের সহায়তাকারী সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিউফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখন পর্যন্ত সেনেগালের নাগরিক হিসেবে শনাক্ত হয়েছে। নৌকায় থাকা অন্যদের জাতীয়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা স্পেনভিত্তিক সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ করা অভিবাসনপথগুলোর মধ্যে এই পথেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। একই সঙ্গে বিপজ্জনক সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, অবৈধ ও বিপজ্জনক সমুদ্রযাত্রার আয়োজনকারী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণদের জন্য দেশেই কর্মসংস্থান ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী আরও একটি নৌকা গত শুক্রবার আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ। নৌকাটিতে ২৩ জন নারী, দুটি শিশু এবং আরও দুটি ছোট শিশু ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
এদিকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়ে যাওয়ায় স্পেনের এল হিয়েরো দ্বীপে গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী দ্বীপটিতে পৌঁছেছেন।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ক্যানারি দ্বীপপুঞ্জ বর্তমানে অভিবাসী ও শরণার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তর আফ্রিকার দেশগুলোর সহযোগিতা এবং সীমান্তে নজরদারি জোরদার হওয়ায় অভিবাসীদের একটি অংশের যাত্রাপথ আটলান্টিকমুখী হয়ে উঠেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, সেনেগালে কর্মসংস্থানের সীমিত সুযোগ, পারিবারিক চাপ এবং আগে থেকে গড়ে ওঠা অভিবাসন নেটওয়ার্ক দেশটির নাগরিকদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে তরুণদের কাছে ইউরোপে গিয়ে কাজ ও বেশি আয়ের সুযোগ এখনো বড় আকর্ষণ।
তবে অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার এই প্রচেষ্টা প্রতিনিয়ত প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D