সারাদেশে দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

সারাদেশে দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে সারাদেশে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান।

নতুন সময়সূচি কার্যকর হওয়ায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় আগের তুলনায় দুই ঘণ্টা কমেছে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়ম চালু হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। ওই সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আবারও সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আগের নিয়ম কার্যকর হচ্ছে।

চলতি ২০২৬ সালে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার।

এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়।

সর্বশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আগের সময়সূচিতে ফিরছে সারাদেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট।

নতুন নির্দেশনা অনুযায়ী, সিলেটসহ সারাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট