সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জমকালো আয়োজনের সমাপ্তি ঘটে।

রোববার ও সোমবার (৪ ও ৫ অক্টোবর) দুইদিনের অনুষ্ঠানে ৭৫ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশা শুধু জীবিকা নয়, এটি মানুষের সেবা ও কল্যাণের মহান দায়িত্ব। একজন চিকিৎসকের কাছে রোগীর আস্থা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মজীবনে প্রবেশের পর বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। চিকিৎসাজ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজ ও দেশের মানুষের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের প্রথম দিন রোববার (৪ অক্টোবর) সকালে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলী বাহার চা-বাগানে ফটোসেশন। সন্ধ্যায় আয়োজন করা হয় ফুচকা স্টল ও মেহেদি উৎসব। দ্বিতীয় দিন সোমবার (৫ অক্টোবর) সকালে বিদায়ী ইন্টার্নদের মধ্যে সার্টিফিকেট ও মেডেল বিতরণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ সমাপনী আয়োজন। অনুষ্ঠানে ৭৫ জন বিদায়ী ইন্টার্ন চিকিৎসককে প্রশংসাপত্র ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. খন্দকার তাশরীকা এরিকা ও ডা. চৌধুরী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. অয়েস আহমেদ চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি. এ. হাসান চৌধুরী এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মাদ গোলাম রব শোয়েব প্রমূখ।

অনুষ্ঠানে ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ ছাড়াও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।