১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭
ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফরোজা সুলতানা রত্নাকে (শাবানা) দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, নির্মাতা মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকে।
১৯৯৭ সালে শাবানা অজানা কারণে হঠাৎই বিদায় নেন চলচ্চিত্র থেকে। ২০০০ সাল থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন। এরপর বেশ কয়েকবার বাংলাদেশে আসলেও জনসম্মুখে দেখা যায়নি এ অভিনেত্রীকে।
প্রায় দেড় বছর পর ২২ মে সোমবার ঢাকায় এসেছেন তিনি। আর কয়েকদিন পর এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আজীবন সম্মাননা পুরস্কারও দেয়া হবে তাকে। তবে তার আগে দেশীয় চলচ্চিত্রের তার ক’জন সতীর্থকে সঙ্গে নিয়ে গুণী এই অভিনেত্রী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।
গুলজার জানান, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন তারা। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দুই অভিনেত্রী শাবানা ও মৌসুমীর ছবি তুলে দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ করা একটি ছবিও ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
ছবিটি পোস্ট দেয়ার পর মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনদিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু’হাত বাড়িয়ে দিয়ে তাকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাড়িয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তারপর আমি ধারণ করলাম তাদের বিরল মুহূর্তের এই ছবিটি।’
মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আজ সকাল ১১টার দিকে সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। তিনি মিটিংয়ে থাকার কারণে দুপুর ২টার দিকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা মূলত সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুণী পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য সাহায্যের বিষয়ে কথা বলি। তখন প্রধানমন্ত্রী পরিচালক আজিজুর ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচের দায়ভার নিবেন বলে কথা দেন। আমরা খুবই আনন্দিত যে, তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন এবং এই অঙ্গনের মানুষের পাশে সবসময়ই রয়েছেন। এছাড়া চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D