২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনায় আটকে যাওয়া এ নির্বাচন স্থগিত করে মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।
এদিকে, শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করেছে কয়েকটি বিভাগ। আমরা সবাইকে আহবান করছি আমাদের সাথে একাত্মতা পোষন করে ক্লাস-পরীক্ষা বর্জনের আহবান করছি।’
তারা আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল পরিকল্পিতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, যার ফলে শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলন আরও দীর্ঘায়িত হচ্ছে।
এদিকে নির্বাচন স্থগিত সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি শুনানির জন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় ওই আবেদন তাৎক্ষণিকভাবে শুনানির জন্য গৃহীত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন কার্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২০ জানুয়ারি মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা প্রদান করেন।
সন্ধ্যায় শাকসুর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাইকোর্টের আদেশ অনুযায়ী ২০২৫-২৬ মেয়াদের শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, হাইকোর্টের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর শাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, তিন প্রার্থীর রিটের প্রেক্ষিতে ১৯ জানয়ারি সোমবার শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। প্রায় ২৮ বছর পটর মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D