২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
চেম্বার জজ আদালতে জরুরি শুনানী না হওয়ায় শীঘ্রই হচ্ছে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে মঙ্গলবার (২০ জানুয়ারি) জরুরি শুনানির জন্য আবেদন করেছিল শাবিপ্রবি প্রশাসন।
তবে চেম্বার আদালত পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ প্রদান করায় জরুরি আবেদন শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, চেম্বার জজ আদালতের এমন সিদ্ধান্তে অনেকটা ঝুলেই গেছে শাকসু নির্বাচন। তবে নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবারও শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ১৮ জানুয়ারি একজন ভিপি প্রার্থী, একজন সদস্য প্রার্থী ও একজন ভোটার উচ্চ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।
আদালতের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি আপীল আবেদন করে শাবিপ্রবি কর্তৃপক্ষ।
শাবিপ্রবি প্যানেল আইনজীবিরা জানান, মঙ্গলবার রিটের শুনানিকালে শাবিপ্রবির পক্ষে আদালতে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। মাত্র তিনজন আবেদনকারীর আবেদনের ভিত্তিতে হাজার হাজার শিক্ষার্থী এবং মোট ১৬৬ জন প্রার্থীর গণতান্ত্রিক অধিকার খর্ব করা যুক্তিসঙ্গত নয় বলেও উল্লেখ করা হয়। এছাড়া অতীতে অনুষ্ঠিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি; বরং প্রতিবারই উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন স্থগিত করার মতো কোনো বাস্তব বা আইনসম্মত কারণ ছিল না। তাদের মতে, আদালত উপস্থাপিত যুক্তিগুলো যথাযথভাবে বিবেচনায় নেননি এবং এ আদেশ ন্যায়বিচারের মৌলিক চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শাবিপ্রবি প্যানেল আইনজীবিরা আরও জানান এ অবস্থায় শাবিপ্রবির পক্ষে তাৎক্ষণিকভাবে আপিল দায়ের করা হয়েছে। পাশাপাশি মাননীয় চেম্বার জজ আদালতে জরুরি শুনানির আবেদন জানানো হলেও পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় তাৎক্ষণিক শুনানি সম্ভব হয়নি।
এদিকে শুনানিকালে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ করা হয়, ওই আইনজীবী আবেদনকারীদের অবস্থানকে সমর্থন করে নির্বাচন স্থগিত রাখার পক্ষে মত দেন এবং শাবিপ্রবির শিক্ষার্থীরা ‘মব’ সৃষ্টি করে নির্বাচন করতে চায়-এমন মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বক্তব্যকে ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং একটি প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ গঠনের পক্ষে ঐক্যবদ্ধ। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের উচিত নির্বাচন অনুষ্ঠানে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক অবস্থান নিয়ে সর্বাত্মক সহযোগিতা করা।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, যারা মব করে নির্বাচন স্থগিত করাল তারাই যদি এখন শিক্ষার্থীদের মব আখ্যায়িত করে তাহলে পরিষ্কার হয়ে যায় তারা আসলে কি চায়, আমরা রাষ্ট্রপক্ষের কাছে এমন মন্তব্য আশা করিনি, আমরা ঘৃণ্যভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করি।
স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী যা বলেছেন এটির প্রতিবাদ আমরা জানাই, আমরা নিরপেক্ষ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল, সবকিছুর প্রস্তুতি শেষও হয়ে গিয়েছিল কিন্তু কারা ইসি ঘেরাও করে রিট করে নির্বাচন স্থগিত করেছে রাষ্ট্রপক্ষ জানত তারপরও রাষ্টপক্ষ তাদের হয়ে আমাদের মব আখ্যা দিয়েছেন এটির নিন্দা ও প্রতিবাদ জানাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D