সিলেট-৩ আসনের জামায়াত প্রার্থী লোকমান আহমদের বাড়িতে তালা!

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

সিলেট-৩ আসনের জামায়াত প্রার্থী লোকমান আহমদের বাড়িতে তালা!

সিলেট-৩ আসনের জামায়াত প্রার্থী মাওলানা লোকমান আহমদের বাড়িতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি যাতে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে না পারেন, সে জন্য স্থানীয় কিছু মানুষ তার বাড়ির সামনে ও পেছনের গেটে তালা লাগিয়ে দেন বলে এলাকাবাসীর একাধিক সূত্র দাবি করেছে। এতে তিনি বাড়ির ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তার মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে বলা হচ্ছে।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে আলাপকালে তারা দাবি করেন, ১০ দলীয় জোটের ভেতরে সিলেট-৩ আসনের প্রার্থী নির্ধারণ নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুসলেহ উদ্দীন রাজুকে প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর মাওলানা লোকমান আহমদ মনোনয়ন প্রত্যাহারের কথা বিবেচনা করছিলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। তবে স্থানীয় কিছু মানুষ তাকে প্রার্থিতা প্রত্যাহার না করতে চাপ দিতে বাড়িতে জড়ো হন এবং তাকে বের হতে না দেওয়ার উদ্দেশ্যে তালা দেওয়া হয় বলে এলাকাবাসীর দাবি।

বিকেল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বাড়িতে অবরুদ্ধ ছিলেন।

এদিকে নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। প্রতীক বরাদ্দ বুধবার এবং ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।