ওসমানী হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

ওসমানী হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা সোমবার (১৯ জানয়ারি) সকাল ৮টা থেকে কাজে ফিরছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক জানান, শনিবার হাসপাতাল প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়নি। পরে রোববার দুপুরে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় প্রশাসনের দ্রুত সহযোগিতা পাওয়াসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতেই সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সোমবার সকাল থেকে তারা কাজে যোগ দেবেন।’

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি এ ঘটনায় হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হন। ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন।