২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যে ৫টার দিকে উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজ (৫৫)-এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও তীব্র হয়। এছাড়া, দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। এসব ঘটনায় দুই পক্ষই পৃথকভাবে আদালতে মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।একই ঘটনায় শাকিল আহমদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, মসজিদের জায়গা এবং চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিলো। এর জের ধরে তাকে খুন করা হয়েছে। রোববার (১১ জানুযারি) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর একই উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আতিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও একজন সালিশ ব্যক্তি ছিলেন। ওই ঘটনায় ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারি) দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব।
এ ব্যাপারে (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D