‘চোরতন্ত্রে’ পরিণত হয়েছে অর্থনীতি : সিলেটে ড. দেবপ্রিয়

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

‘চোরতন্ত্রে’ পরিণত হয়েছে অর্থনীতি : সিলেটে ড. দেবপ্রিয়

সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তাঁর সহযোগী ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ নানা সংস্কারের উদ্যোগ নিলেও তা আশানুরূপ গতি পায়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, আগামীদিনের নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতি থাকতে হবে, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। নতুন বাংলাদেশ গড়তে ও দেশকে মধ্যম আয়ের পথে এগিয়ে নিতে এসব সংস্কার অপরিহার্য।

তিনি আরও বলেন, সংস্কারবিরোধী জোট ভাঙতে হলে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট দিকনির্দেশনা দিতে হবে। সরকারকেও জানাতে হবে, এখন পর্যন্ত কতটুকু সংস্কার সম্পন্ন হয়েছে এবং মেয়াদের বাকি সময়ে কী কী করা সম্ভব হবে।

এর আগে সভার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা মতামত দেন।

মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় বলেন, অতীতে দেশে শুধু দৃশ্যমান উন্নয়ন হয়েছে—ইমারত গড়লেও শিক্ষা ও মানবসম্পদে বিনিয়োগ হয়নি। তিনি বলেন, দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে, যা রাষ্ট্রীয় কাঠামোকে লুটপাট ও চোরতন্ত্রে পরিণত করেছে।

তিনি বলেন, “সংস্কার প্রণয়ন করা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। যারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন, তাদের এ ব্যাপারে আন্তরিক হতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তিনি বলেন, “অতীতের সরকারগুলো অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। তবে এবার পরিবর্তনের আশা রয়েছে। আজকের আলোচনা থেকে নাগরিক মেনিফেস্টো তৈরি করা হবে।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট