কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানার সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরও অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি সাদা পাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুটসহ বিভিন্ন স্থানে বেআইনি বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চারটি মামলায় কাজী আব্দুল অদুদ আলফু মিয়া শীর্ষ আসামির তালিকায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও আলফু চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা রাতের আঁধারে অবৈধভাবে পাথর ও বালু লুট করতেন।

এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে (৩৫) হত্যা করা হয়। নিহতের ছোট ভাই আব্দুল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে একই বছরের ২৬ আগস্ট দেশত্যাগের সময় আলফু চেয়ারম্যানকে তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওসি রতন শেখ বলেন, কাজী আব্দুল অদুদ আলফু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাথর-বালু লুটের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট