দাখিলে ভর্তিতে বয়স শিথিল, রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

দাখিলে ভর্তিতে বয়স শিথিল, রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিলের সুবিধা দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ দিচ্ছে।

বোর্ডের ওয়েবসাইটে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে।

বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত দাখিল/আলিম ও ফাজিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ/সুপারদের অনলাইনে e-SIF পদ্ধতিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১লা জানুয়ারী তারিখে যে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
এছাড়া, যারা অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সরাসরি নবম শ্রেণিতে আবেদন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করা আবশ্যক। একই মোবাইল নম্বর দিয়ে একাধিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে না।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে। বিলম্বসহ ফি জমা করা যাবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট