সিলেটে ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতার জামিন মঞ্জুর

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

সিলেটে ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতার জামিন মঞ্জুর

সিলেট ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙ্চুরের মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

এ তথ্য জানিয়ে বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই। আশা করছি তারা আজকেই জেল থেকে ছাড়া পাবেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল।

আবু জাফর ও প্রণব জ্যোতি পালের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশ করে তাদের মুক্তির দাবি জানায়। ভাঙচুরের দিন জাফর একটি আন্তর্জাতিক কনফারেন্সে ঢাকায় গিয়েছিলেন বলেও জানা যায়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট