ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর জেরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর জেরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর

সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর জেরে আবারও সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হলে স্বজনেরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তোলেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজনদের সঙ্গে হাসপাতালকর্মীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর চালানো হয় হাসপাতালের ভেতরে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা ও নাম-পরিচয় জানা যায়নি। তবে রোগীর স্বজনদের দাবি, তাঁদের অন্তত পাঁচজন আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ১৬ সেপ্টেম্বর একই হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যুকে কেন্দ্র করেও এমন ঘটনা ঘটেছিল। এদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপগঞ্জের তরুণ তানিম আহমদ (২৪)। তখনও চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে স্বজনেরা হাসপাতালকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং হামলা-ভাঙচুর করেন।

টানা দুই সপ্তাহের ব্যবধানে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট