সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবি

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবি

হাওর ভরাট ও পরিবেশের ক্ষতি করে স্থাপন নয়’ শ্লোগানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের পাঁচটি পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আন্তঃউপজেলা অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, পরিবেশবাদী সংগঠন হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জীব-বৈচিত্র ও পরিবেশ উন্নয়ন ফোরাম-সিলেটের সভাপতি আবুল হোসেন, হাওর-নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মিজানুর রহমান রাসেল প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক, যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইমনুদ্দোজা আহমদ, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী নাছিম প্রমুখ।
মানববন্ধনে পরিবেশ আন্দোলনের নেতারা বলেন, আমরা চাই সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হোক। তবে এর প্রস্তাবিত স্থান পরিবর্তন করতে হবে। হাওরের জীব-বৈচিত্র রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে হবে। দেখার হাওরের পরিবেশ নষ্ট করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা থেকে বিরত থাকতে হবে। হাওর ভরাট করে বিশাল ক্যাম্পাস করা হলে হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। যার নেতিবাচক প্রভাব জনবসতির উপর পড়বে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাস হয়। ২০২৪ সালের ৩ নভেম্বর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হয়। সুনামগঞ্জ-সিলেট সড়কের উত্তর-পূর্ব দিকে দেখার হাওরপাড়ে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান প্রস্তাবিত করা হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট