৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
সভায় সিলেট মহানগরীর ৮০টি পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা এবং জৈনপুরস্থ শ্রীশৈল শক্তিপীঠে কুমারী পূজার জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
সভায় প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। বিশ্বের অনেক উন্নত দেশে যেখানে বর্ণবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায়, সেখানে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করি। সরকারের দায়িত্ব হলো নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা, আর সেই দায়িত্ব পালনে সিসিক অঙ্গীকারবদ্ধ।’
তিনি জানান, পূজা উপলক্ষে আলোকসজ্জা, মণ্ডপের বর্জ্য অপসারণ ও সড়ক সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখা, মণ্ডপ ও বিসর্জনস্থল পরিষ্কার রাখা এবং নগরজুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।
পূজা চলাকালীন সময়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম ও হটলাইন চালু থাকবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ-প্রস্থানের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান পরিচালনা করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিসিক সচিব মো. আশিক নূর।
সভায় উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D