১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
মাগুরা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আমেরিকার যোগসাজশে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল বিএনপি।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার মতো কোনো কাজ করে নি এবং জনগনের আস্থাও তাদের সাথে ছিলো না। তাই ২০০১ সালে ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আমেরিকার যোগসাজশে ক্ষমতায় আসে তারা।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর হত্যা নির্যাতন গুম-খুন বেড়ে যায়। দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়। এদেশের মানুষ তাদের ওপর নির্যাতন সহ্য করতে না পেরে পরবর্তীতে বিএনপিকে ক্ষমতায় থেকে নামায়।
মাগুরাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মাগুরাতে খালি হাতে আসিনি। মাগুরাবাসীর ভাগ্যবদলে অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছি। মাগুরাতে যাতে রেললাইনের ব্যবস্থা হয় সে পদক্ষেপ আমরা নেব। কারণ আমরা মানুষের উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছি।
তিনি বলেন, যখনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের বদল হয়। সাধারণ মানুষের উন্নয়ন হয়। অর্থনৈতিকভাবে দেশের অগ্রগতি হয়।
প্রধানমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত রয়েছে তারা যদি সেচ্ছায় ফিরে আসে তাদের কর্মক্ষেত্র তৈরি করে দেয়া হবে এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে।
তিনি বলেন, জঙ্গিরা যাতে মাগুরায় আশ্রয় নিতে না পারে তার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। কোনো ছাত্র স্কুল কলেজে অনুপস্থিত থাকলে তার খোঁজ নিবেন।
বক্তব্যের শুরুতে বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতায় মাগুরার ছেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মাগুরাবাসী অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর মাগুরায় যান তিনি। বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে।
জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D