২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে আত্মসাতের অভিযোগে ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিকেলে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ছয় কর্মকর্তা হলেন ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
এর আগে বুধবার সকালে অভিযুক্ত ডিবি কর্মকর্তাদের ফেনী জেলা আদালতে হাজির করা হলে সোনা আত্মসাতের অভিযোগে করা মামলায় ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যের তিন থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।
এ সময় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলামকে পাঁচ দিন ও অন্যদের প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, মঙ্গলবার রাতে ফেনী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। বাকি পাঁচটি বার উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া সোনার বারগুলো বৈধ না- অবৈধ, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
পুলিশ জানায়, ৮ আগস্ট বিকেলে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা।
এ ঘটনায় ৯ আগস্ট ফেনী সদর মডেল থানায় ওই ব্যবসায়ী মামলা করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D