১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
চিত্রনায়িকা পরীমণি মাদক সেবন করতেন আর তাকে সেই মাদক সরবরাহ করতেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ।
বৃহস্পতিবার বিকেলে র্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, পরীমণির নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ।
জিজ্ঞাসাবাদে পরীমণি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।
খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া মো: নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত বলে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এর আগে বুধবার রাতে অভিযান শেষে পরীমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে মাদক উদ্ধারের বিষয়টি জানায় পুলিশের এলিট ফোর্সটি। আটকের পর পরীমণিকে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দফতরে। রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বুধবার বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযানে যায় র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমণি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি।
পরে বিভিন্ন সংবাদমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল সাড়ে ৪টার দিকে ভেতর থেকে দরজা খুলে দেয়া হয়। এরপর র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন।
এরপর র্যাবের একটি দল নজরুল ইসলাম রাজের বনানীর জি-ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে রাজকে বাসা থেকে বের করা হয়। তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র্যাব-১ এর সদস্যরা। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ছিলেন এই রাজ। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমণি। নজরুল ইসলাম রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D