২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
ছুটিতে রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে না যেয়ে অস্ত্র বিক্রি করতে গিয়ে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে রিভলবারসহ আটক হয়েছেন শিল্প পুলিশের এক কনস্টেবল। স্বরূপ বড়ুয়া (২৭) নামে এ পুলিশ সদস্য চট্টগ্রাম শিল্প পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের প্রকৃত বড়ুয়ার ছেলে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের আদর আবাসিক হোটেলের দ্বিতীয় তলা থেকে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের টিম একটি রিভলবারসহ তাকে আটক করে। এ ঘটনায় ডিবির করা মামলায় গোপনীয়তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অস্ত্রসহ আটকের পর কনস্টেবল স্বরূপ
বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা ও মিডিয়া) জসিম উদ্দীন সিভয়েসকে বলেন, ‘চট্টগ্রাম শিল্প পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল স্বরূপ বড়ুয়া গত ২৩ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের ছুটিতে আছেন। এরই মধ্যে তাকে ডিবি পুলিশ অস্ত্রসহ আটক করে মামলা দিয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ গত ২০ নভেম্বর সিএমপির গোয়েন্দা বিভাগ থেকে স্বরূপ বড়ুয়া শিল্প পুলিশে যোগ দেন বলে জানান তিনি।
সিএমপির গোয়েন্দা পুুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন সিভয়েসকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম সিনেমা প্যালেসের আদর আবাসিক হোটেলের দ্বিতীয় তলা থেকে অস্ত্র বিক্রির জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে আটক করে গতকাল রাতে। পরে তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে শিল্প পুলিশের সদস্য পরিচয় দিলেও আমরা তা নিশ্চিত নই। তার বিরুদ্ধে ডিবির এসআই বেলাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় আজকে (শনিবার) অস্ত্র আইনে একটি মামলা করেছেন।’
এর আগে গত বৃহস্পতিবার এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখানোর সময় সীতাকুণ্ড থানার এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D