করোনা সতর্কতায় খাদিমপাড়া’র কল্লগ্রাম এলাকা লকডাউন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

করোনা সতর্কতায় খাদিমপাড়া’র কল্লগ্রাম এলাকা লকডাউন

ফারহান জায়গীরদার : কারো দেহে নেই করোনাভাইরাসের উপসর্গ, নেই কোনো জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টের বিশেষ কোনো রোগী। তবুও করোনা সতর্কতায় স্বেচ্ছায় পুরো গ্রামকে লকডাউন করলেন গ্রামবাসী। গ্রামবাসীর দাবি, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, আমাদের গ্রামকে এ থেকে সুরক্ষিত রাখতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং গ্রামবাসীও জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হচ্ছেন না।

এমন দৃশ্যটি সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের। মঙ্গলবার বেলা ২টায় ঐ গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে নোটিস টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ। এছাড়াও জরুরী কোন কাজে যোগাযোগ করার জন্য মোবাইলফোন নাম্বারও দেয়া হয়েছে।

গ্রামের বাসিন্দা কল্লগ্রাম আদর্শ যুব সংঘের সভাপতি হিমেল আহমদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কল্লগ্রামে নাজিমগড় রিসোর্ট’সহ কিছু দৃষ্টিনন্দন জায়গায় আড্ডা দেয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত এখানে আসা যাওয়া করেন। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।

একই গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম দুলু বলেন, ‘করোনা সতর্কতায় কল্লগ্রামে বহিরাগতদের প্রবেশে ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক ভালো। আর এটি দেখে অন্যরাও অনেক সচেতন ও উদ্বুদ্ধ হবেন।

কৃষি অফিসার শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তবে, এটি নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

এসময় লকডাউন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আব্দুল আহাদ লেচু,  নাসির উদ্দিন নাসির, নুরুল ইসলাম’সহ কল্লগ্রাম আদর্শ যুব সংঘের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট