২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ ৩০ জুন (মঙ্গলবার) দেশে আনা হচ্ছে। ওইদিন সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
জানা গেছে, মরদেহের সঙ্গে আসছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী। মঙ্গলবার বিমানবন্দরে নিহতদের লাশ গ্রহণের জন্য উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি বিমানবন্দরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।
এর আগে গত ২০ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হন। দুপুর ১২টার দিকে স্বজনেরা ওই খবর জানতে পারেন।
নিহত প্রবাসীরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
নিহত ব্যক্তিদের স্বজন সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। তাঁদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর পরই কাতারে অফিসিয়াল সকল আনুষ্ঠানিকতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে এবং সরকারি খরচে লাশ দেশে পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান পুরো প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধান করেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ান। এছাড়া কাতারে কর্মরত সিলেটের প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দও মরদেহ দ্রুত দেশে প্রেরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সাথে যোগাযোগ রেখে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে যথাযথ প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D