যুবদল কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি, ৬ নেতার পদত্যাগ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

যুবদল কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি, ৬ নেতার পদত্যাগ

ফেনীতে যুবদলের নবগঠিত পৌর কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে নবগঠিত ওই কমিটির ৮ সদস্যের ৬ জনই একযোগে পদত্যাগ করেছেন। নেত্রীর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নেতৃত্বে কাজ করা সম্ভব নয় এমন যুক্তিতে পদত্যাগ করেছেন তারা।

শনিবার (০২ মে) রাতে ঘোষিত কমিটির সভাপতি মোস্তফা কামাল বাদল ও অভিযুক্ত সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ নেতাই পৃথকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

এরা হলেন-সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ সভাপতি মো. সবুজ, যুগ্ম সম্পাদক সাধারণ মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।

জানা গেছে গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

উল্লেখ্য, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের তালিকায় সুজনের নাম রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের দায়ের করা মামলায় তিনি ২৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।


সূত্র : কালবেলা


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট