প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সিলেটে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সিলেটে গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (৩ এপ্রিল) র‌্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে তারা অর্থ হাতিয়ে নিত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণার মূলহোতা কামরুল হাসান হিমেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, হিমেল প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায় করতেন তিনি।

প্রতারিতদের কাছ থেকে নেওয়া অর্থ নিজের হিসাবে না নিয়ে সহযোগীদের ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন।

হিমেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদ (৪২)-কেও গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন এবং বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট