১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৬-২৮ মেয়াদের এই কমিটিতে পুনরায় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নতুন নেতৃত্ব নির্বাচন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর একটি মিলনায়তনে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত থাকলেও মজলিসে শুরার অন্যান্য সদস্যরা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী ৫৯ সদস্যের কেন্দ্রীয় শুরা কমিটি এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। এতে চারজন নায়েবে আমির এবং সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকাসহ সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক পদ পুনর্বিন্যাস করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। ২০২৮ সাল পর্যন্ত এই কমিটি জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D