কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, যা জানা গেল

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, যা জানা গেল

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা গেছে। ছড়িয়ে পড়া এসব তথ্য গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এই অভিনেতা বেঁচে আছেন।

তবে তার শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

অবশ্য গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। বিষয়টি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী।

তিনি বলেন, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে।

হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দুই-একদিন মধ্যে তিনি বাসায় চলে যেতে পারবেন।

ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার বলা হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট