তারেক রহমানের গাড়িতে খাম রেখে উধাও বাইকার, ভেতরে কী ছিল?

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

তারেক রহমানের গাড়িতে খাম রেখে উধাও বাইকার, ভেতরে কী ছিল?

ঢাকার অভিজাত গুলশান এলাকায় গভীর রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িকে ঘিরে ঘটেছে এক রহস্যজনক ঘটনা। চলন্ত গাড়িবহরের মাঝেই ঢুকে তার বুলেটপ্রুফ গাড়িতে একটি সাদা খাম স্কচটেপ দিয়ে লাগিয়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায় এক মোটরসাইকেলচালক। খামটিতে কী ছিল, কী উদ্দেশ্যেই বা এই কাজ তা এখনো অজানা।
ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে। তারেক রহমান কার্যালয় থেকে বাসার পথে গুলশান ৬৫ নম্বর সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল হঠাৎ তার গাড়ির পাশে এসে গতি কমায়। এরপর দ্রুত স্কচটেপ দিয়ে একটি সাদা খাম গাড়িতে লাগিয়ে দিয়ে আমেরিকান ক্লাবের দিক দিয়ে সরে পড়ে বাইকারটি। ওই সময় গাড়ির ভেতরেই ছিলেন তারেক রহমান।
এই ঘটনায় তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়। ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উচ্চ গতিতে এসে শুধু খাম লাগিয়ে দ্রুত চলে যায়। কেন বা কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, সাদা রঙের হিরো হাংক মডেলের একটি মোটরসাইকেলে একজন আরোহী ছিল। সে-ই গাড়ির কাছে এসে খাম লাগিয়ে দ্রুত সরে পড়ে। তবে ঘটনাটির সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম জানান, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। খামের ভেতরে কী ছিল বা সেখানে কী লেখা ছিল—তা পুলিশ এখনো জানে না। খামটি বর্তমানে সিএসএফের হেফাজতে রয়েছে।
এই অস্বাভাবিক ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ নিরাপত্তা মহলে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র : দৈনিক জনকণ্ঠ 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট