২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা। স্থাবর-অস্থাবর মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।
সোমবার মনোনয়নপত্রের সঙ্গে এই হলফনামা জমা দিয়েছেন বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
হলফনামার সম্পদ বিবরণীতে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেছেন, তার কাছে সাড়ে ১৩ লাখ টাকা নগদ আছে। ব্যাংকে আছে ৩ লাখ ৩ হাজার টাকা।
এর বাইরে তার ২৬ লাখ টাকার সোনা বা মূল্যবান ধাতুর গহনা আছে। ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার।
তার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ। কোথাও তার নামে কোনো মামলা বা অভিযোগ নেই।
তিনি বর্তমানে ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে বলেছেন। সেখান থেকে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা অন্য কোনো ক্ষেত্র থেকে তার আয়ের উল্লেখ করা হয়নি।
হলফনামায় স্থাবর সম্পদের বিবরণীতে কৃষি বা অকৃষি জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ নেই বলে বলা হয়েছে। ফলে এসব থেকে তার কোনো আয়ও নেই।
হলফনামায় তিনি বলেছেন, স্ত্রী ও একমাত্র ছেলে তার আয়ের ওপর নির্ভরশীল। তার স্ত্রী বর্তমানে গৃহিনী।
তার নামে অথবা পিতা-মাতা, স্ত্রী-সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে কোনো ঋণ বা দায় নেই।
এ ছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে তিনি এক লাখ পাঁচ হাজার ৫৩১ টাকা আয়কর দিয়েছেন বলে হলফনামায় জানিয়েছেন।
২৭ বছর বয়সী হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।
দেবিদ্বার উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনি আসন। এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার রয়েছে চাার লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে দুই লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার রয়েছে এক লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এ আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই আসনে হাসনাতের পাশপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ মোট আট জন।
তবে জোটের কারণে হাসনাতকে ছাড় দিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, “একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন। ‘ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুন্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়নের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সাথে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D