২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
করোনাভাইরাসে বিপর্যস্ত খুলনা। রোজ মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড হচ্ছে এখানে। বুধবার খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ পর্যন্ত এই বিভাগে ১ দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে সোমবার সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।
করোনায় রেকর্ড সংক্রমণের পরদিনই মৃত্যুতে রেকর্ড হলো খুলনায়। মঙ্গলবার ১ দিনে সর্বোচ্চ ১৮৬৫ রোগী শনাক্ত হয় এই বিভাগে। বুধবার রেকর্ড মৃত্যুর খবর এলো।
খুলনা মহানগরীর হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যুর মধ্যদিয়ে করোনায় ১ দিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মহানগরীর খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ ও ৬ জুলাই ১৭ জন করে, ৪ জুলাই ১৫ জন, ২ ও ৩ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়। করোনায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবণচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটা উপজেলার নারায়ণচন্দ্র (৮০), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার এস এম বোরহান (৪৫), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), যশোরের কেশবপুর উপজেলার সুশান্ত কুণ্ডু (৫৫) ও একই এলাকার শরিফা খাতুন (২৭) মারা যান । ১৩০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা: প্রকাশচন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার পাইকগাছা উপজেলার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫) মারা গেছেন। ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদা উপজেলার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুর উপজেলার পদ্মরানী (৬৪), বাগেরহাটের মোংলার প্রভুনাথ (৫০) ও রামপাল উপজেলার রুহিকরণ (৬০) মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।
গাজী হাসপাতালের স্বত্বাধিকারী ডা: গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনা মহানগরীর মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো: আব্দুল হাই (৬৭) ও টুটপাড়ার নাসিমা বেগম (৪৬), ডুমুরিয়া উপজেলার শাহপুরের উম্মে কুলসুম (৭০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২) মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D