২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
মাঝরাতে বাড়িতে হানা দিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া সংক্রান্ত দণ্ডের সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ মার্চের মধ্যে এসব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৩ মার্চ মামলার পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৬ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য।
এর আগে রবিবার (১৫ মার্চ) আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ দেওয়া জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রশিদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন। একই সঙ্গে আরিফুল ইসলামকে দেওয়া এক বছরের দণ্ডের আদেশের কপি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
রবিবার সকালে বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদের পক্ষে আইনজীবী ইশরাত হাসান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে রিটটি দায়ের করেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে ফিল্মি কায়দায় আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়কভাবে পেটাতে পেটাতে ও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শেষে জেলা প্রশাসক অফিসে তাকে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের জেল দেওয়া হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় জামিন শুনানির পর দুপুর ১২টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D