১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮
নাটোর : নাটোরের লালপুরে বাস ও লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহত এবং আরো অন্তত ১২জন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমছিলান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন শিশু, ছয়জন নারী এবং বাকিরা পুরুষ। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামস নুর।
নিহত লোকজনের মধ্যে ১১ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পাবনা জেলার মুলাডুলি গ্রামের মন্টু রোজারিওর স্ত্রী আদরী বিশ্বাস (৩৬), ছেলে প্রত্যয় বিশ্বাস (১২), মেয়ে স্বপ্না বিশ্বাস (১০), ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামের সুবহান আলী (৭৫), লেগুনার চালক (ঠাকুরগাঁ জেলায় বাড়ি) আব্দুর রহিম (৩৫), নাটোরের বড়াইগ্রামের শাপলা বেগম (২০), শেফালি বেগম (৪০), রজুফা বেগম (৪৫), লজেলা বেগম (৬৫) রোকন আলী (২২) ও সোবহান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামস নুর জানান, নাটোর-পাবনা মহাসড়কের চ্যালেঞ্জার পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহীগামী চ্যালেঞ্জার নামের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাজ্জাকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইদুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতদের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D