|
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর কার্যক্রমসহ নানা আর্থিক কাজে প্রয়োজন হয় টিন সার্টিফিকেটের। অনলাইনে ঘরে বসেই এই সার্টিফিকেট করা যায়। তবে করদাতার ধরন অনুযায়ী প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন তথ্য ও ডকুমেন্টের।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসায় টিন করার জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
প্রাপ্তবয়স্কদের জন্য যা লাগবে
করদাতা প্রাপ্তবয়স্ক হলে অনলাইনে ই-টিআইএন করার জন্য প্রয়োজন হবে-করদাতার নাম, বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ।
অপ্রাপ্তবয়স্কদের জন্য
অপ্রাপ্তবয়স্ক করদাতার ই-টিআইএন করতে প্রয়োজন হবে- করদাতার নাম, অভিভাবকের নাম, অভিভাবকের টিআইএন নম্বর, করদাতার পাসপোর্ট সাইজের ছবির সফট কপি
প্রবাসীদের জন্য
প্রবাসী বাংলাদেশি কেউ টিন সার্টিফিকেট করতে চাইলে প্রয়োজন হবে, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ, ভিসা নম্বর, ভিসা ইস্যুর তারিখ,করদাতার পাসপোর্ট সাইজের ছবির সফট কপি।
টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর একটি ইউনিক নম্বর, যা করদাতার পরিচিতি হিসেবে কাজ করে। আয়কর রিটার্ন দাখিলসহ বিভিন্ন কর-সংক্রান্ত কার্যক্রমে এটি ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যাংকের ক্রেডিট কার্ড, এফডিআর, সঞ্চয়পত্র কেনা, ব্যবসার লাইসেন্স নেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রেও টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
টিন সার্টিফিকেটে ভুল হলে কী করবেন
টিন সার্টিফিকেট করার সময় নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখসহ বিভিন্ন তথ্য ভুল হতে পারে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। অনলাইনে প্রয়োজনীয় তথ্য সংশোধনের আবেদন করা যায়। সাধারণত এ সংশোধনের জন্য কোনো ফি লাগে না।
যেভাবে টিনের তথ্য সংশোধন করবেন
১. প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন পোর্টালে প্রবেশ করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে নিবন্ধন করতে হবে।
২. ওয়েবসাইটে গিয়ে ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে।
৩. নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড, মোবাইল নম্বর ও ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
৪. নিবন্ধন শেষ হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে।
৫. লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ‘টিন ইনফরমেশন’ বা ‘আপডেট টিন ইনফরমেশন’ অপশনে যেতে হবে।
৬. সেখানে টিন সার্টিফিকেটে থাকা তথ্য দেখা যাবে। যে তথ্য সংশোধন করতে চান, তার পাশে থাকা ‘এডিট’ বা ‘আপডেট’ অপশনে ক্লিক করতে হবে।
৭. এরপর সঠিক তথ্য দিয়ে সংশোধনের আবেদন করতে হবে।
৮. প্রয়োজনে সংশোধনের কারণ উল্লেখ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের পক্ষে প্রমাণপত্রও আপলোড করতে হতে পারে। যেমন,জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা অন্য কোনো সরকারি নথি।
৯. সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্র যাচাই করে ‘সাবমিট’ বা ‘আপডেট’ অপশনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর রিসিট ডাউনলোড করে সংরক্ষণ করা যেতে পারে।
সঠিক তথ্য দিয়ে আবেদন করলে ঘরে বসেই অনলাইনে টিন সার্টিফিকেটের তথ্য সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D