|
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক সন্ত্রাসী হামলায় রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামক একটি রেস্তোরাঁয় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় অপর এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই ফাস্টফুড দোকানে কাজ করছিলেন দুই বাংলাদেশি যুবক। হঠাৎ এক সশস্ত্র দুর্বৃত্ত দোকানে ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে একজনের পায়ে এবং রাজুর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় উভয়কে দ্রুত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অন্য যুবক চিকিৎসা শেষে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত ওই রেস্তোরাঁয় গুলির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে একে সশস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। মাত্র কয়েক বছর আগে উন্নত ভবিষ্যতের আশায় তিনি পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। প্রবাস জীবনের অল্প সময়ের মাথায় এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D