মক্কায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

মক্কায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে ওমরাহ পালনের জন্য প্রাইভেটকারে রওনা হয়েছিলেন তাঁরা। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর পেছন দিক থেকে একটি দ্রুতগামী বড় গাড়ি তাঁদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তবে তাঁর স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ ও মামাতো ভাই নাসিম আহমেদ কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শোকসন্তপ্ত পরিবারটি বর্তমানে গভীর শোকে স্তব্ধ। আহত শফিকুল ও নাবিল বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রবাসে পবিত্র ইবাদতের পথে এমন মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুর ও ভৈরবে নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট