বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬

বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মী আটক

বরিশাল মহানগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন মামলার ২১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রয়েছে।

এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগর এলাকায় পুনরায় সংগঠিত হয়ে তাদের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আটকদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন—মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন শাহীন, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন আহমেদ, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, ১১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি খান, সদস্য জনি হাওলাদার, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. রাতুল হাওলাদার, ১৯ নম্বর ওয়ার্ডের জয় মালী, আবেদ আজিজুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস, মেহেদি হাসান মিলন, সিরাজুল ইসলাম রাব্বি, ৩০ মামলার আসামি পলাশ হাওলাদার, নূর উদ্দিন শাহীন, মাসুম, আসাদ, ওয়ালিদ, মারুফ, আতিকুর রহমান খান, মো. ফয়েজ ও মো. সেলিম শরীফ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, মহানগরীর সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। আটকদের সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।