৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
প্রবাস ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে মন্ত্রীর কাছে ১৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান জানান, ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মন্ত্রী জেনেভা সফরে গেলে ৬ জুন শনিবার ফ্রান্স বিএনপির নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি, বিশেষ করে ঢাকা-প্যারিস সরাসরি বিমান চলাচল চালুর বিষয়টিসহ মোট ১৮টি দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সম্মেলনে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে শনিবার রাত ১০টার দিকে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবির বিষয়ে লিখিত স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আল-আমিন এবং বিএনপি নেতা কামরুল ইসলামসহ আরও অনেকে।
প্রবাসীদের দাবি-দাওয়ার বিষয়ে এ আলোচনা ও স্মারকলিপি প্রদানকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D