২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে মেটা। হ্যাকড হওয়া বা হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট উদ্ধারসহ সব ধরনের কারিগরি সহায়তা আরও সহজ করতে একটি বিশেষ ‘সেন্ট্রাল সাপোর্ট হাব’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাময়িকী দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেটা জানিয়েছে, নতুন এই কেন্দ্রীয় হাবের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় সাপোর্ট এক জায়গা থেকেই পাবেন। বিশেষ করে যারা অ্যাকাউন্টের সমস্যা রিপোর্ট করতে চান কিংবা হ্যাকড হওয়া আইডি ফিরে পেতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এই প্রক্রিয়াটি এখন অনেক সহজ হবে।
মেটার মতে, গ্রাহকদের সহায়তা পাওয়ার বিষয়টি সহজলভ্য হওয়া উচিত এবং আগে এ ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও এখন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাপী আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই এই আপডেট চালু হতে যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ব্যবহারকারীদের তাত্ক্ষণিক ও ব্যক্তিগত সহায়তা দেওয়ার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী তৈরি করছে মেটা। এই এআই সহকারী ব্যবহারকারীকে অ্যাকাউন্ট ফিরে পাওয়া কিংবা সেটিংস আপডেট করার মতো জটিল কাজগুলোতে ধাপে ধাপে সাহায্য করবে। প্রাথমিক পর্যায়ে এই এআই সুবিধা শুধু ফেসবুক ব্যবহারকারীরা পেলেও পরবর্তীতে এটি ইনস্টাগ্রামসহ মেটার অন্যান্য অ্যাপেও যুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তবে এই নতুন ফিচারের কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এই কেন্দ্রীয় সাপোর্ট হাবে প্রবেশ করতে হলে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করতে হবে।
এখন প্রশ্ন হলো, কোনো ব্যবহারকারী যদি তার অ্যাকাউন্টে হ্যাকড হওয়ার কারণে অ্যাপেই ঢুকতে না পারেন, তবে তিনি কীভাবে এই সাপোর্ট হাবের সুবিধা নেবেন—সে বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তা সত্ত্বেও মেটার এই উদ্যোগকে ব্যবহারকারী সুরক্ষা ও সহায়তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D